জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ মামলায় মোট আসামি সাতজন। তাদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে।
