সারাদেশে বিএনপির শোডাউন আজ, মাঠে থাকবে আওয়ামী লীগ

সরকারের পদত্যাগসহ ১০ দাবি বাস্তবায়নে সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে  মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া দেশব্যাপী এক কর্মসূচিতে বড় প্রস্তুতি নেওয়া হচ্ছে ঢাকায়। উদ্দেশ্য, ঢাকায় মানববন্ধনে জনতার ঢল নামানো। কর্মসূচি সফলে আগেই এলাকাভিত্তিক কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে হাইকমান্ড।

অন্যদিকে বিএনপি ও মিত্রদের এ কর্মসূচির বিপরীতে বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে উত্তর ও দক্ষিণ ঢাকার দুই প্রান্তে এ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

বিএনপির সূত্র জানিয়েছে, গণমিছিল, পদযাত্রার পর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে শনিবার সারাদেশে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। আর দলটির যুগপৎ আন্দোলন সঙ্গীরা ঢাকায় মানববন্ধন করবে। এ মানববন্ধন থেকে আগামী ১৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবে তারা। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জানা গেছে, বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গীদের মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের উল্টো দিকে ফার্স হোটেলের সামনে, ১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম বেলা ১১টায় মতিঝিল অফিস সামনে নটরডেম কলেজ উল্টো দিকে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি দুপুর তিনটায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে মানববন্ধন করবে।

অপরদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সংঘাত-সহিংসতা ঠেকানো এবং জনগণের জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন। বরাবরের মতো শনিবারও শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে অবস্থান জানান দেওয়া হবে। একই সঙ্গে সতর্ক অবস্থানে থাকবেন দল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। সরকার বিরোধীদের মানববন্ধন চলাকালে কোনো ধরনের সংঘাতের আশঙ্কা দেখামাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। বিএনপিকে কোনো অবস্থাতেই কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। 


একাত্তর/এসি