নির্বাচন করবে না বললেও, সিটি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এভাবে নির্বাচনে অংশ নেয়া বিএনপির রাজনৈতিক ভণ্ডামি।
মঙ্গলবার (১১ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) পালন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্দিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওই জেলাগুলোর দলীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক (ধানের শীষ) ছিল না, কিন্তু ঘোমটা পরে সব খানেই তাদের প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের বর্তমান মেয়র আরিফ অলরেডি ঘোষণা দিয়েছেন। অন্যান্য সিটিতেও ঘোমটাপরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।
কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে ৩০টি আসন পাবে না বুঝেই ভোট বানচলের চক্রান্তে নেমেছে। সিটি নির্বাচনে আমরা তাদের (বিএনপিকে) আমন্ত্রণ করছি না। নির্বাচন অংশগ্রহণ করা তাদের অধিকার। জাতীয় নির্বাচন যেমন, সিটি নির্বাচনও তেমন।
আরও পড়ুন: হঠাৎ বাড়লো সারের দাম
সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ খুলনা বিভাগীয় নেতারা।
একাত্তর/এসি