নির্বাচন সামনে রেখে অশুভ পদধ্বনি পাওয়া যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন মার্কেটের ঘটনা আগুন সন্ত্রাস কি না তা গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
তিনি বলেছেন, রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে অশুভ শক্তি।
‘নির্বাচনকে সামনে রেখে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অশুভ পদধ্বনি শুনতে পাচ্ছি।’
ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সহযোগী সংগঠনগুলোর নেতাদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন মার্কেটে একের পর এক একই সময়ে আগুনের ঘটনা ঘটছে। এগুলো আগুন সন্ত্রাস কিনা। আগুন লেগেছে না কি লাগানো হয়েছে সেটি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
যত অপরাজনীতিই আসুক আওয়ামী লীগ তা মোকাবেলা করবে বলেও জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুশিয়ারি দিয়ে বলেন, সংবিধান বাদ দিয়ে ফরমায়েশি গণতন্ত্র মানা হবে হা। অন্যায়, অপরাজনীতি করে উৎখাত করতে চান... অস্বাভাবিক কোন সরকার মেনে নেয়া হবে না।
‘সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’
আরও পড়ুন: চীন-রাশিয়াকে আবারও সতর্ক করলো জি৭
গণতন্ত্র ও সংবিধানের প্রশ্নে শেখ হাসিনার অটল থাকার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোনো আপোষ করবেন না শেখ হাসিনা। একদিকে নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে কালো ছায়া যাতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
কোন অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি করতে না পারে সেজন্য পাহারাদার হয়ে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
একাত্তর/আরবি