সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: ওবায়দুল কাদের

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেটে পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘এটি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। জনবান্ধব বাজেট। মানুষের কষ্ট লাঘব হবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেট দেয়া হয়েছে।’ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।'

এদিন বিকেলেই জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 

'দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শিরোনামের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। 

বাজেট প্রতিক্রিয়ার আগে সকালে এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন চাই। কখনো ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেনি। 


একাত্তর/আরবি