ইউক্রেন যুদ্ধের গ্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যে বাংলাদেশের সঙ্কট থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
শনিবার তিন বলেন, পুরো বিশ্বব্যাপী সংঘাতময় পরিস্থিতি এবং অস্থিতিশীল অস্থির পরিবেশ বিরাজ করছে। ডলার সঙ্কট, দ্রব্যমূল্যের উর্ধ্ধগতিসহ পৃথিবীর বিভিন্ন দেশেই নানা অস্বস্তি দেখা দিয়েছে।
‘আফ্রিকার অনেক দেশেই এধরণের পরিস্থিতি। আমাদের প্রতিবেশী পাকিস্তান শ্রীলঙ্কাতেও তাই। আমাদের অবস্থা তাদের চেয়ে ভালো।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেট হচ্ছে সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এখন সঙ্কট মোকাবেলার সময়। সঙ্কটময় পরিস্থিতি সামাল দেয়ার জন্য বাস্তবভিত্তিক যা করণীয় তা করছেন আমাদের নেত্রী।’
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
'দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শিরোনামের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে নানান কথা বলা হচ্ছে। কিন্তু আমাদের তো হিসাবনিকাশ আছে।’
বাজেট নিয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, আজকে বিএনপি লুটপাটের বাজেট বলছে। কিন্তু তাদের অর্থনীতি ছিলো লুটপাটের অর্থনীতি। তাদের সময় ছিলো দুর্নীতির শীর্ষে। তাদের মুখে বর্তমান বাজেটের সমালোচনা মানায় না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকায় গত ১৪ বছরে দেশের মোট জিডিপি সাড়ে চারগুণ বেড়েছে। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।
‘কিন্তু আজ বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশে দুর্ভিক্ষ চলছে। এমন সব উদ্ভট কথা-বার্তা বলে যাচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাজ্য, কাতার ঘুরে দেশের অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।’
বিএনপি রাজনৈতিক বিরোধিতার ভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ ভাবলেও তারা ভাবে শত্রু। আপনি প্রতিপক্ষ হতে পারেন। কিন্তু প্রকাশ্যে শত্রুতা করছেন, হত্যার হুমকি দিচ্ছেন, সফলতাকে অস্বীকার করছেন। এমন বিরোধী রাজনীতি পৃথিবীর কোথাও নেই। গণতন্ত্রের খাতিরে সব দলই কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত হয়। বাংলাদেশে সেই পরিস্থিতি নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বাজেটের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই বাজেট। অনেক চিন্তা ভাবনা করেই এই বাজেট।
একাত্তর/আরবি