বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ অনুমতি মেলেনি। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
বুধবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি না মেলায় বিকল্প ভেন্যু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি চাওয়া হয় এই তিন সংগঠনের পক্ষ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।
এদিকে মহাসমাবেশের জন্য বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
আরও পড়ুন: ঢাবিতে সমাবেশের অনুমতি চাইলো ছাত্রলীগ
ওই দুই জায়গায় অনুমতি না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বুধবার বিকালে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে জানা যায়।
এদিকে ২৭ জুলাই বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অতীতে যখনই বিএনপি সমাবেশ করেছে তখন সাধারণ মানুষের সহায়-সম্পত্তি, পুলিশ, পথচারীর ওপর হামলা পরিচালনা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।
তিনি বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। সে দায়িত্ববোধ থেকেই ২৭ জুলাই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সম্মিলিতভাবে সমাবেশের ডাক দিয়েছে।
অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে।
একাত্তর/এআর