সেলফি দেখার পর বিএনপির কী হবে, প্রশ্ন কাদেরের 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা নিয়ে বিএনপি নেতাদের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার তিনি বলেছেন, ‘এতদিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল যে, আওয়ামী লীগকে হটিয়ে তাদের ক্ষমতায় বসাবে।

‘আজ বাইডেন নিজেই সেলফি তুলেছেন। এ দৃশ্য দেখার পর বিএনপির কী হবে?’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ শক্তির বলয়ে চলে গেছে। এই বলয় বন্ধুত্বের বলয়, শত্রুত্বের জায়গা নেই। আগামী দিনে প্রমাণ হবে, বাংলাদেশ বন্ধুত্ব চায়, কারো সাথেই শত্রুতা নয়।

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে রয়েছেন শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ সময় জো বাইডেন এবং শেখ হাসিনা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং দুই পরিবারের খোঁজ খবর নেন। দুই নেতা কথা বলার এক পর্যায়ে শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন।

শেখ হাসিনা বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তারা সাম্প্রতিক ভূরাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে আলাপ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কুশল বিনিময় করেন জো বাইডেন। তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কথা হয়।

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা। কেবলই পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল বলেন, এখন কী খবর? সিঙ্গাপুর থেকে শলাপরামর্শ নিয়ে এসেছেন, সেই আন্দোলন এখন ভুয়া। ২১ দফা, এক দফা, ২৭ দফা, বিএনপির আন্দোলন ভুয়া। কোনো জনসমর্থন নেই।