২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুনানিকে কেন্দ্র করে বুধবার সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।
মামলার বিবরণ অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে হত্যা, নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বিশিষ্ট লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ মোট ৪১ জনের নাম রয়েছে।
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা।
মামলার ৪১ জন আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হাসিনাসহ বাকি ৩০ জন পলাতক। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হলে মামলাটিতে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
