গণঅধিকার পরিষদের নিবন্ধন পেতে হাইকোর্টে রেজা কিবরিয়া 

রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন পেতে এবার হাইকোর্টের দারস্থ হয়েছেন রেজা কিবরিয়া। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন তিনি।

সোমবার রেজা কিবরিয়ার পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়ার করা রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

রিটে রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক উল্লেখ করা হয়েছে। আর গণঅধিকার পরিষদকে নির্বাচন কমিশন নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এছাড়া গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিত ও রুল জারি করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে।

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেও প্রত্যাখাত হয় গণঅধিকার পরিষদ। নিবন্ধন না দেয়ার কারণ জানিয়ে গত ২৯ আগস্ট রেজা কিবরিয়াকে কমিশনের উপসচিব মো. আব্দুল হালিম খান চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির পাঠানো তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শর্ত পূরণ হয়েছে। তবে, দলটির সরবরাহ করা ১৪১টি উপজেলা ও থানা পর্যায়ের তথ্য যাচাই করে মাত্র ৬৩টি জায়গায় দলটির নিবন্ধনের শর্ত পূরণের সঠিক সঠিক পাওয়া যায়।

বাকি ৭৮টি উপজেলা ও থানা অফিস এবং নির্ধারিত সংখ্যক ভোটার সদস্য থাকার তথ্য অর্থাৎ নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

গণঅধিকার পরিষদ নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালন না করায় নির্বাচন কমিশনের কাছে দলটি নিবন্ধনযোগ্য বিবেচিত হয়নি বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।