শর্ত ছাড়া সংলাপ ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে কোনো ধরনের শর্ত ছাড়া সবপক্ষকে সংলাপে বসারও আহ্বান জানিয়েছে দেশটি।

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আওয়ামী ও বিএনপির বিরোধের মধ্যে সোমবার ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতি দেয়।

বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনাদের টানা অবরোধের মধ্যে সোমবার ঢাকায় দেশটির দূতাবাসের বিবৃতিতে সংলাপ বিষয়ে চার দফা অবস্থানের কথা তুলে ধরা হয়।

দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের উপরে আরেকটিকে আনুকূল্য দেখায় না।

যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সবপক্ষকে আহ্বান জানায়।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের উপর আমরা আমাদের থ্রি-সি ভিসা নীতি সমভাবে প্রয়োগ অব্যাহত রাখব।

এদিকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান তিনটি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। বিকেলে তার সেই চিঠি নিয়ে জাতীয় পার্টি কার্যালয়ে যান রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় পার্টির মহাসচিব জানান, তার দল নির্বাচনে যাবে কি না, দলীয় ফোরামে সে সিদ্ধান্ত হবে।