নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পাঁচ দিনের মধ্যে: চুন্নু

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মনোনয়ন বিক্রির মাধ্যমে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটি ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী পাঁচ দিনের মধ্যে পার্টির চেয়ারম্যান ভোট যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির পর সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। যদিও এদিন সকালে দলটি পক্ষ থেকে জানানো হয়েছিল, আজই বৈঠক করে নির্বাচনে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা এখনও পুরোপুরি আস্থাশীল নই। এখনও পরিবেশ তৈরি হয়নি। তবে জাপা আশাবাদী পরিবেশ তৈরি হবে। মনোনয়ন জমার আগে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। 

তিনি বলেন, একটি বড় দল এক দফা দাবিতে রাস্তায় আছে। আলোচনার টেবিলে বসলে সমাধান সম্ভব। এখনও সময় আছে বড় দুটি দলের মধ্যে আলোচনা করে শিডিউল ঠিক করা যেতে পারে। 

রওশনের চিঠি নিয়ে বিতর্কের কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, রওশন এরশাদ আওয়ামী লীগের জোটে থাকতে চাওয়ার কথা বলে চিঠি দিয়েছিলেন। জাপা বিএনপিকে নির্বাচনে আসার জন্য আলাদা করে কিছু বলবে। জাপা সবাইকে নির্বাচনে আসার আহবান জানায়। 

এদিকে জাতীয় পার্টি জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম। এ বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

শনিবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সই করা এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, গত তিন ভোটের ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তফসিল অনুযায়ী আগামী বছরের সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

ইসিতে পাঠানো চিঠিতে রওশন লেখেন, জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্বান্ত গ্রহণ করেছি।