নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান আদালতে হাজির হয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন।
রোববার সকালে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবীবের কাছে শোকজের জবাব দেন তিনি।
আদালত থেকে বের হয়ে শোকজ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সক্ষম। যারা নির্বাচন বানচাল করতে অগ্নিসংযোগ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহবান জানাই। যেহেতু পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, তারা যেন মানুষের শান্তিপূর্ণভাবে ভোট দেয়া নিশ্চিত করতে পারে। আমরা এমনই নির্বাচন কমিশন চেয়েছিলাম। নির্বাচন কমিশন সক্ষম।
তিনি বলেন, বিএনপি জামায়াত জ্বালাও-পোড়াও করছে। মানুষকে হত্যা করছে। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সেটার প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা পাড়া মহল্লায় শান্তি মিছিল করেছে। নৌকা হল শান্তির প্রতীক। আমরা অন্য সময় মিছিলের সময়ও নৌকার স্লোগান দেই। সে কারণেই হয়ত দিয়েছে।
তিনি আরও বলেন, আমি গর্ববোধ করি। অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা স্বাধীন। অনেকে দেশে-বিদেশে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করে। আমি এত নির্বাচন করেছি, কখনও দেখিনি পত্রিকার খবরে প্রার্থীকে তলব করা হয়। যে মিছিলে আমি ছিলামও না।
বাংলাদেশের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রসঙ্গে জাতিসংঘের বক্তব্যের জবাবে শামীম ওসমান বলেন, জাতিসংঘ বলেছে সবার অংশগ্রহণ, দেখতে হবে জনগণ অংশগ্রহণ করছে কিনা। পত্রিকা ইনিয়ে-বিনিয়ে বিএনপি জামায়াতের অংশগ্রহণ করার কথা বলেছে। আমি এই মুহূর্তে মনোনয়ন ছেড়ে দেব জাতিসংঘ তিনটা কাজ করতে পারলে। ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটা যদি জাতিসংঘ বন্ধ করতে পারে, তাদের যদি নিজের ভূমিতে ফিরিয়ে দিতে পারে আর যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে।
বাংলাদেশকে ছবক দেয়ার আগে আমি জাতিসংঘকে অনুরোধ করব রোহিঙ্গাদের অবিলম্বে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন, উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল কাকে বলে, যারা পাঁচশ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে? এখনও ওরা আগুন সন্ত্রাস করছে? ওদের রাজনৈতিক সংগঠন বলবেন, না সন্ত্রাসী সংগঠন বলবেন?
তিনি আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের তরুণরা প্রমাণ করবে বাংলাদেশ কারও সামনে মাথানত করার দেশ না।
এর আগে, শনিবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
ওই নোটিশে বলা হয়, গত ১ ডিসেম্বর জাতীয় পত্রিকার অনলাইনে ও ২ ডিসেম্বর প্রিন্ট ভার্সনে সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শহরের তল্লা এলাকায় আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল ও পথসভা করা হয়। যার ফলে যানবাহন ও পথচারীদের প্রতিবন্ধকতা তৈরি হয়। এরূপ কার্যক্রম প্রার্থীর আচরণবিধিমালা ৬ এর (খ) এবং ১২ ধারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আগামী ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধ করা হলো। একইসঙ্গে নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো।