আচরণবিধি ভঙ্গের অভিযোগে আমু, নাছিমকে কারণ দর্শাতে হবে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমু ও আফম বাহাউদ্দিন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আমির হোসের আমুকে সশরীরে উপস্থিত হয়েছে ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচন কমিশন। প্রবীণ নেতা আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আসন্ন নির্বাচনে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী।

আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন প্রচারণা শুরু না হলেও গত ৮ ডিসেম্বর ঝালকাঠিতে এক অনুষ্ঠানে নে বক্তৃতা দেয়া ও ভোট চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। আর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে।

এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

তাকে রোববার দুপুর তিনটার মধ্যে কমিটির কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নাছিমের বিরুদ্ধে অভিযোগ, গত ৭ ডিসেম্বর রাজধানীর শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় যান, স্থানীয় নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন।

এসময় বিপুল জনসমাগম ঘটে এবং বাহাউদ্দিন নাছিম নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণা চালান বলে অভিযোগে বলা হয়েছে।