বুদ্ধিজীবীদের হত্যাকারীদের প্রেতাত্মারা এখনো তৎপর: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও দেশকে পিছিয়ে দিতে তৎপর রয়েছে বুদ্ধিজীবীদের হত্যাকারীদের প্রেতাত্মারা। তাদেরকে মোকাবিলা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের চেষ্টা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের জয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো দেশকে মেধাশূন্য করতে।

এসময় স্বাধীনতা বিরোধীদের আবারও পরাজিত করার প্রত্যয় জানান নানক।

বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরের ওই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মী ও উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাঙালির শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লড়াইয়ে জাতির মানস গঠনে ভূমিকা রেখে প্রাণ হারানো জাতির সূর্যসন্তানদের স্মরণের শহীদ বুদ্ধিজীবী দিবস বৃহস্পতিবার।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এদিন সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।