তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের অপরাজনীতি না থাকলে বাংলাদেশ আজ বহুদূর এগিয়ে যেতো।
বৃহস্পতিবার রায়েরবাজার বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, অনেকে ভেবেছিল, বুদ্ধিজীবী হত্যার রায় হলেও তা বাস্তবায়ন হবে না। কিন্তু সকল রক্তচক্ষু উপেক্ষা করেও যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, সামনেও হবে।কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্র ও সরকারপ্রধান। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয়।
এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি সেনারা দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। পৈশাচিক হত্যাযজ্ঞের পর মিরপুর ও রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে। এরপর থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।