প্রার্থিতা ফিরে পেলেন শামীম হক

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাঈদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। প্রতিদ্বন্দী প্রার্থী এ একে আজাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানজীবুল আলম।

এর আগে, সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের রিট খারিজ করে দেন। পরে মঙ্গলবার এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক-এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত আট ডিসেম্বর আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। পরে ১৫ ডিসেম্বর শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন শামীম হক।

অন্যদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীমও পাল্টা অভিযোগ করেছিলেন ইসিতে। তার দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক।

নির্বাচন কমিশনের শুনানিতে আজাদের প্রার্থিতা টিকে গেলেও শামীমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে আসেন। পরে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত বহাল রাখে।

তবে শেষ পর্যন্ত চেম্বার আদালতের রায়ে ভোটের মাঠে ফিরলেন শামীম।