বিএনপিকে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে: শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বিএনপির সাবেক নেতা এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, বিএনপি মনে করে যখন তারা ক্ষমতায় যাবে, তখনই নির্বাচন করবে। এ অপেক্ষায় অপেক্ষায় কত বছর গেলো? বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তারা ক্ষমতায় যেতে পারবে না।

শুক্রবার বিকেলে কাঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

শাহজাহান ওমর বলেন, আমি স্বাধীন চেতা মানুষ, তাই আওয়ামী লীগে এসেছি। লক্ষ্য করেছি, যদি কোনো দল নির্বাচনে না যায়, তাহলে সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। 

তিনি বলেন, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুক্কা হুয়া খুবই বিশ্রী। আপনার বুঝতে পারছেন কোথায় হিট করছি? মানুষ দল করে নির্বাচন করার জন্য। সব নির্বাচনে দল জিতবে এমন কথা নেই। সংসদে প্রতিনিধি থাকলেই গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে ২৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি স্বাধীনতার পক্ষের লোক তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখন আমি শেখ হাসিনার চতুর্থ ভাই। বিএনপির আমলে আমার কোনো কর্মী-সমর্থকের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে, তাদের ক্ষমা করে দেবেন। আমি কখনও আওয়ামী লীগের কোনো লোককে খারাপ কথা বলিনি। আমরা নব্য আওয়ামী লীগ, পুরান আওয়ামী লীগের লোকজন আমাদের বরণ করেছে। 

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ জলিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, শিশির দাস, আমিরুল ইসলাম ফোরকান, মাহামুদুল হক নাহিদ, মিঠু সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহজাহান ওমরের অনুসারী আবদুল জলিল মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, কবির হাওলাদার প্রমুখ।

৩০ নভেম্বর নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন এম শাহজাহান ওমর বীর উত্তম। 

সেদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো।