১৪ দলীয় জোটের শরিকরা আছে যে ছয় আসনে

১৪ দলীয় জোটের শরীক দলগুলোকে এবার ছয়টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ছয়জনই লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। তবে ভোটের মাঠে তাদের অনেকেই পড়েছেন মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের শক্ত চ্যালেঞ্জের মুখে। আসুন দেখে নিই ১৪ দলের প্রার্থীরা কে কোথায়, কার সাথে ভোটে লড়ছেন।

উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস গামছা প্রতীকে, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার নাতি স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক ঈগল প্রতীকে। এর আগে ঢাকা এবং বরিশাল-৩ আসনে নির্বাচন করলেও এবারই প্রথম লড়ছেন বরিশাল-২ আসনে।

রাজশাহী-২ আসনে লড়ছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। একাদশ জাতীয় সংসদের এই সদস্য এবারও লড়ছেন নৌকা প্রতীকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজশাহী মহানগর সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তার প্রতীক কাঁচি। 

ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। নৌকা প্রতীকের প্রার্থী ইনুর প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। সাবেক মন্ত্রী ইনুর সাথে ভোটের মাঠে লড়াইয়ে আছেন জাতীয় পার্টির শহীদুল ইসলাম ফারুকীও।
 
কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে ১৪ দলের প্রার্থী জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। নৌকা প্রতীক পাওয়া তানসেনের প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লা এবং ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 

রামগতি এবং কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে ১৪ দলের প্রাথী জাসদ নেতা মোশারফ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তার প্রতীক ঈগল। মাঠে আছেন ট্রাক নিয়ে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম। 

কাউখালি, ভান্ডারিয়া এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন পিরোজপুর-২-এ ১৪ দলের প্রার্থী জেপি'র আনোয়ার হোসেন মঞ্জু। নৌকা প্রতীকে ভোটের মাঠে লড়াই করা মঞ্জুর প্রধান প্রতিদ্বন্দী তারই একসময়ের একান্ত সচিব স্বতন্ত্র প্রাথী মো. মহিউদ্দিন মহারাজ। গুরু-শিষ্যের এই লড়াই নজর কেড়েছে অনেকেরই।