তাহলে তালাটা লাগালো কে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মাঠের প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যে নির্বাচন করবে না, সেটা আমরা জানি। ওরা করবে যে, ওদের নেতা কোথায়? যে দল নির্বাচন করে তার সমানে একজন থাকে, যিনি দেশ চালাবেন। ওদের তো সে রকম যোগ্য কেউ নেই।

শনিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা বলেন, আসলে বিএনপির সামনে কোনো নেতৃত্ব নেই। তাই নির্বাচন করবে না। নির্বাচন বানচাল করতে চেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আবার দেখলাম, তাদের অফিসের তালা ভাঙছে। সেই রবীন্দ্রনাথের গানটাই মনে পড়ে ‘ভেঙে মোর ঘরের চাবি, কে আমারে নিয়ে যাবি’ । আমি ঠিক জানি না, রিজভী সাহেব এই গান গাইতে গাইতে তালা ভাঙছিলেন কি না। আর, তালা ভেঙে কাকে বের করলো, তাও জানি না। 

শেখ হাসিনা আরও যোগ করেন, বলে যে চাবি খুঁজে পাচ্ছে না, তাহলে তালাটা লাগালো কে? এই তালায় কোেনা সিলগালা ছিলো না, কাজেই এটা পুলিশ লাগায়নি। একটা ভালো তালা তারা হাতুড়ি দিয়ে ভাঙছে। এটা একটা নাটক। এই নাটক করে করে মানুষকে কিছুদিনের জন্য ধোঁকা দেয়া যায়। সব সময়ের জন্য না। যারা মদতদাতা, তারা আবার খুশি হয়ে কাছে টেনে নেয়।

এর আগে, সকাল ৯টায় গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। 

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে অত্মত্যাগকারী শহিদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে দলীয় প্রধান হিসাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।