দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বুধবার। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় হবে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
একই দিন দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশীদের ফরমের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে এবং লেক রোডের গেইট দিয়ে গণভবনে প্রবেশ করতে হবে।
এদিন দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই সভায় সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। এসব আসনে দলটির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন।