যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উচ্চারিত হবে। মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন। হৃদয়ে লেখা নাম কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে পর অনেকেই বিরোধিতা করেছিলেন৷ আমাকেও কথা শুনতে হয়েছে৷ কিন্তু আমি কিছু বলিনি৷
সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক আমাদের হতাশ করে চলে গেল। পদ্মা সেতু থেকে অপবাদ নিয়ে সরে গেল। ২০১২ সালের জুলাই মাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমরা আমাদের টাকায় পদ্মা সেতু করবো। তখন আমাদের আশপাশে প্রথম ও দ্বিতীয় সাড়িতে অনেকে বসা ছিলো। তারাও এটা নিয়ে নানান কথা বলেছেন। কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা এলাকায় ঘন কুয়াশা। আমরা যখন পিলারের উপর প্রথম স্প্যান বসাই, প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী এলেই স্প্যান বসাতে। তখন যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রী বললেন, পদ্মা সেতুর কাজ আমার জন্য এক সেকেন্ডও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী মুখ থেকে শোনা এই একটা কথাই আমাদের জন্য অনুপ্রেরণা।
তিনি বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করতে চেয়েছিলাম। সংসদসহ সারা বাংলাদেশে দাবি উঠেছিলো। শেখ রেহানাও একই সুরে কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নাম এখানে ব্যবহার করা যাবে না।
তিনি আরও বলেন, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। শেখ মুজিবের কন্যা বলেই হয়তো সম্ভব হয়েছে।