জনসাধারণের প্রতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বি. চৌধুরীর আহ্বান

‘গুলি করে মানুষ হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ’ উল্লেখ করে জনসাধারণের প্রতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ এবং কোনো রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোন সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘আমি দেশের  সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

বি. চৌধুরী রাজধানী ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত ২ অগাস্ট রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। 

সাবেক এ রাষ্ট্রপতি গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে  উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে আন্দোলনের সূচনা করেছে তা গত ১৬ জুলাই থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহের জন্ম দিয়েছে, যা এখনও বিরাজমান। গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান।’ 

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী আরও বলেন, ‘এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে শত শত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণকে হত্যা করেছে।এমনকি ছোট শিশুরাও এ নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নির্যাতন এখনো চলমান।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ এবং কোন রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোন সুযোগ নেই। জাতিকে রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে রাজনীতি, দল, সরকার অথবা ক্ষমতা কোন কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়।’ 

বি. চৌধুরী বলেন, ‘আমি দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে দেশের সকল চিকিৎসকদের সর্বপ্রকার চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যেকোনো মূল্যে এবং যেকোনো ত্যাগের বিনিময়ে আমাদের সন্তানদের বাঁচাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আবারও সরকারকে মনে করিয়ে দিতে চাই, রাজনীতি, দল, সরকার বা ক্ষমতা কোন কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়।’

বিবৃতিতে ‘ক্ষমতা প্রদর্শন নয় বরং দায়িত্ববোধের পরিচয় দিয়ে ছাত্রদের সকল দাবি নিঃশর্তভাবে মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং সকল হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে’ সরকারের প্রতি আহ্বান জানান বি. চৌধুরী।