আওয়ামী লীগ তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত যে সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া ও গুজব বলে জানিয়েছে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সোমবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।
এর আগে সারাদেশে নতুন করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের।
তবে রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই প্রেস রিলিজে বলা হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্টের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো। নেতাকর্মীদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে অনুরোধ করা হলো।’
এ বিষয়ে রোববার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিক মাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজটি ভুয়া।
আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি।