রাজধানীসহ সারাদশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচার দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত শত ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এই বিচার হতে হবে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার সময় শহীদ সরণিতে এক পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ সময় গাড়িতে দাঁড়িয়ে কথা বলছিলেন। শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা তাঁকে স্বাগত জানায়।
মির্জা ফখরুল বলেন,কোন লড়াই-সংগ্রাম একদিনের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের ৬০ লাখ লোকের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আমাদের প্রায় ১ হাজার লোককে গুম ও ৩ হাজার লোককে হত্যা করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় আমাদের হাজার হাজার লোককে গ্রেফতার করেছে। আপনাদের অনেকে অনেক বার জেলে গেছেন। আমিও আপনাদের সঙ্গে জেলে গেছি। আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও এ অন্তর্বর্তী সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শত শত ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই। তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তারা আবারও দেশে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের আমাদেরই রক্ষা করতে হবে। তাদের জানমাল, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তার দায়িত্ব আপনাদের। দয়া করে কারও সঙ্গে ঝগড়া,বিবাদ করবেন না। আওয়ামী সরকার লুটেরা সরকার। বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তাদেরকে সহযোগিতা করতে হবে।
মির্জা ফখরুল বলেন,ম্যাডাম অসুস্থ,তারপরও বলেছেন,হিংসা নয়,প্রতিহিংসা নয়,প্রতিশোধ নয়,আমরা ভাইয়ের মতো শান্তিময় বাংলাদেশ উদযাপন করব। এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয়, যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ। দেশটাকে নতুন করে সাজাতে হবে। আমাদের হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কোনো সম্প্রদায়ের প্রতি কেউ আঙুল তুলতে না পারে,সেদিকে খেয়াল রাখবেন।
এ সময় দেশবাসীকে শান্ত থাকার জন্য আহবানও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের সময় সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার,সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।