রাজধানীর ধানমন্ডিতে এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন জানান, শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।
আনোয়ার হোসেন বলেন, এই হত্যা মামলা ছাড়াও শাজাহান খানের মাধ্যমে বিরুদ্ধে নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিতে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্তের দাবি জানানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আরও অভিযোগ, ২০১৮ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালে যতো আন্দোলন হয়েছে, প্রত্যেক সময় তার শ্রমিক বাহিনীর ব্যবহার করে সড়কে বিশৃঙ্খলা করা এবং সরকারি ধর্মঘটের মূল মাস্টার মাইন্ড ছিলেন শাজাহান খান।
তবে শাজাহান খানের আইনজীবী, আদালতের সামনে তার অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে রিমান্ড বাতিল চেয়ে স্বাস্থ্য পরীক্ষার নিবেদন জানান।
গত চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব (১৪)। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় গত ২৬ আগস্ট বাবা আব্দুল মতিন বাদি হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি ২৫০/৩০০ জন।