অস্থিতিশীলতা সৃষ্টির সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত: তারেক 

ছাত্র আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। গত রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা।

'সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিলো। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে,' লিখেছেন তিনি। 

তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতিকারীদের দমনে সকল শ্রেণি—পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।