একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ‘মডেল ছাত্র রাজনীতি’র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল৷ মডেল ছাত্র রাজনীতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব রাখতে চায় সংগঠনটি৷
ছাত্রদলের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার সকালে বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির শিষ্টাচার নষ্ট করেছে৷ শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাবলিশ করেছে৷
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ছাত্রদল কাজ করছে৷ ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে৷ এটি ছাত্র রাজনীতির জন্য অবশ্যক৷
আগামীর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরের যান তিনি৷ গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি৷
এ সময় ক্যাম্পাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। জানান, মূলধারার বাইরে থাকা মাদ্রাসা শিক্ষাকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি।
তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশকে মাদ্রাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিলো। মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎপর রয়েছে।
নাছির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিলো। অনেকেই তাদের এ অবদানকে সেভাবে স্বীকার না করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্বীকার করছে এবং তাদের অবদানকে দেশের সামনে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করছে।