রাজধানীর সেগুনবাগিচায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে, এই ঘটনার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়।
দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয় বলেও প্রশ্ন রাখেন জামায়াতের মহাসচিব।
তিনি বলেন, সচিবালয় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে আগুনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কি না তা খতিয়ে দেখা দরকার।
গোলাম পরওয়ার বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আগুনের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সে সাথে অন্তর্বর্তী সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া দরকার।