বৃটেনের দ্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা-পর্যবেক্ষণ।
চিকিৎসার দ্বিতীয় দিনে ক্লিনিকে মায়ের খোঁজখবর নিতে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি ল্যান্ড রোভার থেকে ক্লিনিকের সামনে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। এসময় তার সাথে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান।
এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া, প্রথম রাতে তাকে সময় দিয়েছেন তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে ও খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমান।
সূত্র জানিয়েছে ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়া নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে।
এদিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসার সর্বশেষ আপডেট আজ সাংবাদিকদের দেয়া হয়নি। আশা করা যাচ্ছে শিগগিরই বেগম জিয়ার স্বাস্থ্যের ও চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে সবাইকে জানানো হবে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ''দ্যা লন্ডন '' ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।