গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত হয়ে আট মাস ধরে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ইমরানের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারেক রহমান বলেন, ইমরানের সকল অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। যতদিনই লাগুক বিএনপি পরিবার তার পাশে থাকবে।