ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন: ফারুকী

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ঘটনাকে ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, মামলার করার স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। মামলা রাষ্ট্র করেনি, তবে একজন ব্যক্তি মামলা করেছেন। আমাদের দেশে সবাইকে মামলা করার অধিকার দেয়া হয়েছে, তবে কেউ কেউ এর অপব্যবহার করছে।

পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ফারুকী বলেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং যেটা সত্য সেটার পক্ষে থাকবে।

উল্লেখ্য যে, জুলাই অভ্যুত্থানে নিহত বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করে গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান।

পরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেয় আদালত। ওই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে অভিনেতা ইরেশ যাকেরের নামও অর্ন্তভূক্ত করা হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

হত্যা মামলায় ইরেশ যাকের আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বিনোদন অঙ্গনের অনেক তারকারাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এমন প্রেক্ষাপটে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর সামনেও বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকরা। 

ফারুকী বলেন, আমি এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি ডিপলি ট্রাবলিং, ডিপল ডিস্টার্বিং।