১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। সংগঠনটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র পায়নি।
তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখন সময় এসেছে মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করার।
বাংলাদেশের কিছু মানুষ ও বিদেশি কিছু কুশীলব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মেনে নিতে পারছে না উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই জারি রাখতে হবে।
তিনি যোগ করেন, ফ্যাসিবাদী একটি দল বিদায় হলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। দেশকে পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত করতে সংবিধান পরিবর্তন করতে হবে। আর তাই গণপরিষদ নির্বাচন দিতে হবে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে আখতার বলেন, জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ভুলে যাওয়ার নয়। অতিদ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।
এছাড়া জাতীয় স্বার্থে নেয়া যেকোনো সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।