সরকার ধীর গতিতে কাজ করছে: নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই শহীদ পরিবারের সাথে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এনসিপি আহ্বায়ক বলেন, সরকারকে নানা পক্ষ বাধা প্রদান করছে, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই গঠিত, এই আকাঙ্ক্ষা থেকে দূরে সরে না যায়। 

এই সরকার শহীদ পরিবার, আহত ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাছে দায়বদ্ধ উল্লেখ করে তিনি বলেন, তাই শহীদদের সম্মান নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যতক্ষণ সংগঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হয়নি।