‘পুশইন’ ভারতের মাস্টার প্ল্যানের অংশ: রুহুল কবির রিজভী

ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ‘পুশইন’ বা জোর করে লোক পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুশইন বা জোর করে লোক পাঠানোর বিষয়টি ভারতের মাস্টার প্ল্যানের অংশ। 

শুক্রবার (৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্টের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন বিবর্তন আমরা দেখছি। গত মে মাসে বিএসএফের হাতে ছয় জন বাংলাদেশি নির্মমভাবে নিহত হয়েছেন। পাশাপাশি, অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। 

রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সৎ প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি।

তিনি আরও বলেন, ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার—সবকিছু এরই অংশ।

ভারত বাংলাদেশকে সমমর্যাদার চোখে নয়, বরং আগ্রাসী মনোভাব নিয়ে দেখে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তাদের কোন শ্রদ্ধা নেই। এক সুদূরপ্রসারী মাস্টার প্লানের অংশ হিসেবেই এভাবে ভারতীয় নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভয়, আতঙ্ক, গুম-খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে শামিল হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।