সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

উচ্চ আদালত সম্পর্কে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।  

রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন সরকারি বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া সারজিস আলমের স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। 

আবেদনের প্রেক্ষিতে জানা যায়, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ পড়ানো সংক্রান্ত একটি রিট খারিজ করে আদেশ দেন। ওই আদেশের পর সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন- ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

এই মন্তব্যকে কেন্দ্র করে সারজিস আলমকে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সে নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ আদেশ দেয়।