দেশে নির্বাচনের জন্য এখনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলে মনে করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনও অনুপস্থিত আছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসিতে আসেন জামায়াতের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
হামিদুর রহমান আযাদের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, অতীতের নির্বাচনের কালো অধ্যায় যাতে আবার ফিরে না আসে সে জন্য পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে দলের কোনো সমস্যা নেই।
আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশাবাদী দলটি।
এর আগে গত রোববার নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে ইসির সঙ্গে বৈঠক হয়েছিলো বিএনপি প্রতিনিধি দলের।