সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ (রোববার)।
মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৫৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে, যা শুরু হতে পারে বেলা সাড়ে ১১টায়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন। তিনি তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ, তিনটি মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) জব্দ করেন এবং পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে আদালতে এসব ফোনালাপ শোনানো হয়।
গত ২৩ সেপ্টেম্বর জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনজন। তাদের দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। ২২ সেপ্টেম্বর ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এর মধ্য দিয়ে ঘটনার সাক্ষ্য সম্পন্ন করেন প্রসিকিউশন। তবে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলেই শুরু হবে যুক্তিতর্ক। এরপর রায়ের পালা।