নতুন রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দলটিকে পছন্দের প্রতীকের বিষয়ে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর কথা জানিয়েছে ইসি।
কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) এ বিষয়ে জানানো হয়।
ইসির নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রতীক পছন্দকরণ প্রসঙ্গের এই চিঠিতে এনসিপির নিবন্ধন আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে উল্লেখ করা হয়। যদিও দলটির পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় শাপলা, কলম ও মোবাইল চাওয়া হলেও পরবর্তীতে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা চাওয়া হয়।
তবে কমিশনের ১১৫ প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় নতুন দলের জন্য বরাদ্দযোগ্য ৫০ প্রতীক থেকে দলটিকে পছন্দের প্রতীক বাছাইয়ের কথা বলছে ইসি। যেখানে দলটির নিবন্ধন বিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন পরিচালনার বিধিমালায় প্রতীকটি না থাকায় ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও বলছে নির্বাচন কমিশন।