জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য শেষ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হবে যুক্তিতর্ক ও শুনানি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের জেরা সম্পন্ন করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরা সম্পন্ন হওয়ার পর আগামী রোববার যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী। 

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির মামলার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। প্রসিকিউশন এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য নিয়েছে। বুধবার সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা আলমগীরের জবানবন্দি সম্পন্ন হয়। এখন রোববার থেকে যুক্তিতর্ক শুরু হবে। প্রসিকিউশনের ধারণা, আগামী সাত কার্যদিবসের মধ্যে জেরা সম্পন্ন হবে। এরপর রায়ের জন্য দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল-১।

এই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান, শহীদ আবু সাঈদের বাবা আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

জুলাই মাস থেকে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চব্বিশের জুলাই-আগস্টে হত্যা, ষড়যন্ত্র নানা অভিযোগ আনা হয়েছে।  প্রমাণ হিসাবে শেখ হাসিনার গোপন ফোন রেকর্ড, আন্দোলনের সময়ের নানা ভিডিও ও ছবি আদালতে হাজির করে প্রসিকিউশন। এই মামলার আসামি সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন। যদি শেখ হাসিনাসহ আসামিদের দোষ প্রমাণ হয়, আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে।