কিছু ব্যক্তি বা দল প্রতীক পাওয়া নিয়ে ধমক দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কা দেবে নির্বাচন কমিশন (ইসি)। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে টানাটানি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, এই প্রতীক আটকানোর কথা বলা হচ্ছে। কারণ, ‘ধানের শীষ’ আটকাতে পারলে অনেক ষড়যন্ত্র প্রতিষ্ঠিত করা যেতো। কিন্তু ‘ধানের শীষ’ অপ্রতিরোধ্য।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে শহীদ জেহাদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের সময় আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের বা পক্ষের চাপের কাছে মাথানত করা যাবে না। অন্যথায় দেশের মানুষ তা মেনে নেবে না। নিজেদের অধিকার আদায়ের পথে জনগণ, কিন্তু এ পথে অনেক বাধা দেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে বিএনপি রাজপথে রক্ত দেবে।
দেশের বিএনপির অবদান নিয়ে ফখরুল বলেন, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনকে অনেকে নিজেদের আন্দোলন বলে দাবি করছে। কিন্তু দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আন্দোলনের মূলভিত্তি তৈরি করেছিলো বিএনপি।
বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে মন্তব্য করে দলটির মহাসচিব বলে, আমরা সংস্কারের বিরুদ্ধে নই। সংস্কার বিএনপি এনেছে, বিএনপিই সংস্কার করবে।
তিনি বলেন, কয়েকটি কথা বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের কাছে যেতে হবে। যতোই সংস্কার করি, যতোই কৌশল আবিষ্কার করি, সুষ্ঠু, অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না; যোগ করেন ফখরুল।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করেছে। ১৬ বছর আগে থেকে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। এতো ত্যাগ স্বীকারের পরে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গণতন্ত্র কয়েকদিন লাফালাফি করলে হয় না।
শেষে শহিদুল আলমকে মুক্ত করতে সব ধরণের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।