আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনের সব দাবি মানা সম্ভব নয়।
এসময় ভারতের চুক্তি বাতিলের বিষয়ে এক জন উপদেষ্টার প্রচার করা তথ্যের সমালোচনা করে তিনি বলেন, ভারতের চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করা হয়েছে, সেগুলোর অনেক কিছু বাস্তবে নেই। এক জন উপদেষ্টা এসকল বিষয় প্রচার না করলেও পারতেন।
তৌহিদ হোসেন জানান, রাশিয়া বা অন্য কোনো দেশে বেআইনিভাবে কিংবা ভিন্ন কোনো উপায়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন, তবে বাংলাদেশি কোনো নাগরিককে জোরপূর্বক যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়ে পদক্ষেপ নেবে।
পারস্পরিক স্বার্থ বজায় রেখে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।