মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির সেক্রেটারি করা হয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে।
সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত ৪টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তাসনিম জারা।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আর্ফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই কমিটি তদারকি করবে।