আগামী সপ্তাহে হাসিনার একটি রায়: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা বিচারের যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, সেই কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।  

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 

তথ্য উপদেষ্টা বলেন, আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলমান রয়েছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন। সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে সই করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। 

মাহফুজ আলম বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।