এনসিপির নতুন চমক, চার দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট

জাতীয় নির্বাচনে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে মধ্যমপন্থা জোট করতে যাচ্ছে তরুণদের দল এনসিপি। এতে জোটসঙ্গী হচ্ছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ।

দলটির নেতারা জানান, ২৭ নভেম্বর আসতে পারে সেই ঘোষণা। শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ রাজনীতি নির্মাণেও কাজ করবে জোটটি। তাদের সাথে যোগ দিতে জেএসডি এবং গণঅধিকার পরিষদের সঙ্গেও চলছে আলোচনা।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা যে দল গঠন করে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হয় গত ফেব্রুয়ারি থেকে। নির্বাচনকে ঘিরে গেলো কয়েক মাস ধরেই গুঞ্জন, বিএনপির সাথে জোট করতে যাচ্ছে এনসিপি। শোনা গেছে জামায়াতে ইসলামীর নামও।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে দুটি রাজনৈতিক দল ও দুটি সংগঠনের সাথে জোট করছে এনসিপি। দলটির দুই শীর্ষ নেতা সারজিস আলম ও সারোয়ার তুষার বলছেন, ২৭ নভেম্বরই আসবে সেই ঘোষণা। চারটি দলের বাইরে জেএসডি ও গণঅধিকার পরিষদও তাদের জোটসঙ্গী হতে পারে।

সারজিস আলম বলেন, এই জোট নিয়ে অনেকদূর যেতে চান তারা। নির্বাচন ছাড়াও ভবিষ্যৎ রাজনীতি নির্মাণের দিকেও চোখ তাদের। একাত্তরকে এনসিপির অপর শীর্ষ নেতা সামান্তা শারমিন জানিয়েছেন, শিগগিরই দলটির একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।

একইসাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করবে এনসিপি। নেতারা আভাস দিচ্ছেন, সেই তালিকায় বড়ো দলের কয়েকজন হেভিওয়েট নেতাও থাকতে পারেন।