ক্ষমতায় গেলে সব দল নিয়েই সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্বে যাক বা না যাক, দুর্নীতি, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, অনেক দল ক্ষমতায় গেলে জামায়াতকে ছাড়া সব দলকে নিয়ে সরকার গঠনের কথা বললেও, জামায়াত ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করবে।

তবে দেশের মানুষ আর বস্তাপচা রাজনীতি চায় না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় বেশ জোরেশোরেই নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে রাজধানীর ভাসানটেকে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শিরোনামে যুব-ছাত্র নাগরিক গণসমাবেশের আয়োজন করে দলটি।

সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। বলেন, দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না।

সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্বে যাক বা না যাক, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবে তারা।

ক্ষমতায় গেলে কোনো দল জামায়াত ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের মন্তব্যে আমির জানান, জামায়াত ক্ষমতায় গেলে কোনো দলকেই বাদ রাখা হবে না।