খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নেই: মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি এড়িয়ে যান তিনি।

শনিবার (২৯ নভেম্বর) গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি ও খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমেরিকার জন হপকিন্স এবং যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পরামর্শে চিকিৎসা চলছে। 

বিদেশে নেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তাকে বিদেশে নেয়া প্রয়োজন। এ বিষয়ে তারা বলছেন যে, হয়তো নেয়া প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক যে অবস্থা সে অবস্থায় তাকে বিদেশ নেয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা স্ট্যাবল হলে তখন চিন্তা করে দেখা হবে তাকে নেয়া সম্ভব হবে কী না। 

তবে খালেদা জিয়াকে বিদেশ নেয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।  

এদিকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্নটি মির্জা ফখরুল এড়িয়ে যান। বলেন, এই প্রশ্নের উত্তর তারেক রহমান নিজের স্ট্যাটাসে দিয়ে দিয়েছেন। 

খালেদা জিয়ার এমন পরিস্থিতিতে এভারকেয়ার হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানান তিনি।