পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার পাশাপাশি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, সাম্য, মানবিক মর্যাদার জন্য ১৯৭১ এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিলো। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিললো। আর এ কারণেই ২৪ এর গণ অভ্যুত্থান।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেউই নিরাপদ নয়। তাই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।
এসময়, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথা বলেন নাহিদ ইসলাম।
ওসমান হাদি প্রসঙ্গে নাহিদ বলেন, ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেরদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।
তিনি যোগ করেন, জনগণকে আমরা আবার আহ্বান জানাবো, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, কোনো সরকার ছিলো না, কোনো পুলিশ ছিলো না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।
এসময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের সংগঠন সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।