নতুন করে অরাজকতা করতে চাইলে, কঠোরভাবে মোকাবিলা করা হবে: পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো শক্তি যদি দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তাদেরকেও কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

অবস্থান কর্মসূচি থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

পাটওয়ারী বলেন, ভারত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগকে প্রশ্রয় দিলেও তাদের হাইকমিশনে হামলা নয়, বরং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে৷ হাইকমিশনে হামলা হলে বহিঃশক্তি দেশে হস্তক্ষেপের সুযোগ পাবে। 

​শুধু দিল্লি নয়, পিন্ডির বিরুদ্ধেও জনগণকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে এ এনসিপি নেতা বলেন, যেসব শক্তি চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা থেকে সরে যেতে চায়, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।