এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।  

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও অন্যতম কাণ্ডারি, মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা এবং বিগত সময়ে যিনি সরকারের থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে এনসিপিতে স্বাগতম। 

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ এবারের নির্বাচন অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির যে সব নেতৃবৃন্দ নির্বাচন করবেন তারা যেন জিতে আসে এবং সংসদে গিয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারে সেজন্য তিনি কাজ করবেন। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

এনসিপিতে যোগ দেয়ার বিষয়ে আসিফ বলেন, হাদির ঘটনার পর জুলাই অভ্যুত্থানের সকল শক্তিদের এক হয়ে থাকা উচিত এবং জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে সবার এক হওয়া উচিত। আমি এ কারণে এনসিপিতে যোগ দিয়েছি।